চুয়াডাঙ্গায় অপহরণের ৪ দিন পর হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় উদ্ধার বিপুল

লেখক: নিজস্ব প্রতিবেদক | চুয়াডাঙ্গা
প্রকাশ: ১২ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

চুয়াডাঙ্গায় রহস্যজনকভাবে অপহরণের চারদিন পর মো. বিপুল (৪৫) নামে এক ব্যক্তিকে হাত-পায়ে লোহার শিকল বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) রাতে দর্শনা পৌরসভার হঠাৎপাড়া এলাকা থেকে তাকে উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া বিপুল আলমডাঙ্গা উপজেলার খাদিমপুর ইউনিয়নের বটিয়াপাড়া গ্রামের আব্দুল সাত্তার মণ্ডলের ছেলে।

পরিবার সূত্রে জানা গেছে, গত শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল আনুমানিক ১১টার দিকে তিনি চুয়াডাঙ্গা সদর পোস্ট অফিস এলাকায় অবস্থান করছিলেন। সেখান থেকে অজ্ঞাত ব্যক্তিরা তাকে জোরপূর্বক তুলে নিয়ে যায় বলে অভিযোগ। এরপর থেকেই তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে আলমডাঙ্গা থানায় একটি মিসিং জিডি করা হয়।

মঙ্গলবার রাত আনুমানিক ১০টার দিকে দর্শনা পৌরসভার হঠাৎপাড়া এলাকার পাকা রাস্তার পাশে হাত-পায়ে শিকল বাঁধা অবস্থায় তাকে পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। বিষয়টি টের পেয়ে তারা পুলিশে খবর দিলে দর্শনা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান জানান, নিখোঁজ সংক্রান্ত জিডির তথ্য নিশ্চিত হওয়ার পর তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্যদিকে আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল বলেন, চারদিন আগে করা মিসিং জিডির সূত্র ধরে তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে ঘটনার বিস্তারিত জানা যাবে।

  • অপহরণ
  • আলমডাঙ্গা
  • চুয়াডাঙ্গা
  • দর্শনা
  • নিখোঁজ জিডি
  • শিকলবন্দি উদ্ধার