দেড় বছর পর শুরু হলো ঢাকা-আগরতলা বাস চলাচল

লেখক: নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: ৫ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর ঢাকা-আগরতলা রুটে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ হয়ে যায়।

দীর্ঘ দেড় বছরেরও বেশি সময় বন্ধ থাকার পর আবারও চালু হয়েছে ঢাকা–আগরতলা রুটের আন্তর্জাতিক যাত্রীবাহী বাস চলাচল। মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) বিকেলে আগরতলা থেকে পাঁচজন যাত্রী নিয়ে ত্রিপুরা রোড ট্রান্সপোর্ট করপোরেশন (টিআরটিসি)-এর একটি বাস আখাউড়া স্থলবন্দর দিয়ে বাংলাদেশে প্রবেশ করে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, ২০২৪ সালে ছাত্র-জনতার অভ্যুত্থানের পর এই রুটে বাস চলাচল বন্ধ হয়ে যায়। একই সময় বাংলাদেশিদের জন্য ভিসা পরিষেবাও সীমিত করে ভারত সরকার। ফলে ঢাকা–আগরতলা সরাসরি যোগাযোগ ব্যবস্থা দীর্ঘদিন স্থগিত ছিল।তবে চলতি বছরের জানুয়ারির শেষ সপ্তাহ থেকে পরীক্ষামূলকভাবে পুনরায় বাস চলাচল শুরু করে টিআরটিসি।

মঙ্গলবার সকালে ঢাকা থেকে ছেড়ে যাওয়া একটি বাস আখাউড়া হয়ে আগরতলায় পৌঁছালে ত্রিপুরা রাজ্য সরকারের পরিবহনমন্ত্রী সুশান্ত চৌধুরী এবং সংস্থাটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সমর রায় বাসটিকে স্বাগত জানান। এর মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে এই রুটে যাত্রী পরিবহন কার্যক্রম শুরু হলো।আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্ট পুলিশের উপ-পরিদর্শক শরীফ রহমান জানান, প্রথম দিকে সপ্তাহে দুদিন বাস চলাচল করবে। প্রথম দিনে বাসের স্টাফসহ ৯ জন ঢাকা থেকে আগরতলায় গেছেন। অপরদিকে আগরতলা থেকে ঢাকায় ফেরার পথে ছিলেন ৫ জন যাত্রী।দীর্ঘ বিরতির পর এই বাস সার্ভিস চালু হওয়ায় দুই দেশের সীমান্তবর্তী অঞ্চলে যোগাযোগ ও যাতায়াতে নতুন গতি ফিরবে বলে সংশ্লিষ্টদের আশা।

  • আখাউড়া
  • আগরতলা
  • আন্তর্জাতিক বাস
  • ত্রিপুরা
  • দক্ষিণবঙ্গ
  • পরিবহন
  • বাস সার্ভিস
  • ভারত–বাংলাদেশ
  • সীমান্ত সংবাদ