রাজৈরে সালিশে গিয়ে খুন ফল ব্যবসায়ী, আহত স্ত্রী-মেয়ে

লেখক: জেলা প্রতিনিধি মাদারীপুর
প্রকাশ: ৩ ঘন্টা আগে

মাদারীপুরের রাজৈরে মেয়ের শ্বশুরবাড়িতে জমিজমা সংক্রান্ত বিরোধের সালিশ করতে গিয়ে প্রতিপক্ষের হামলায় জাকির শেখ (৫৫) নামে এক ফল ব্যবসায়ী নিহত হয়েছেন। এ ঘটনায় তার স্ত্রী ও মেয়েও গুরুতর আহত হয়েছেন।

মঙ্গলবার (২৪ মার্চ) সকাল ১০টার দিকে উপজেলার আমগ্রাম ইউনিয়নের মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে জাকির শেখের মেয়ের স্বামী রাসেল কাজীর সঙ্গে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলছিল। এ বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার সকালে জাকির শেখ মেয়ের শ্বশুরবাড়িতে সালিশে অংশ নিতে যান।

সালিশ চলাকালে কথা-কাটাকাটির একপর্যায়ে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এ সময় প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইয়েরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে জাকির শেখ, তার স্ত্রী রেবা বেগম ও মেয়ে তাজনূর বেগমকে গুরুতর জখম করে।

স্বজনরা দ্রুত তাদের উদ্ধার করে রাজৈর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জাকির শেখকে মৃত ঘোষণা করেন। আহত দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত জাকির শেখ উপজেলার মজুমদারকান্দি গ্রামের নুর ইসলাম শেখের ছেলে। তিনি রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় ফল ব্যবসা করতেন।

এদিকে হত্যাকাণ্ডের খবর ছড়িয়ে পড়লে উত্তেজিত স্থানীয়রা প্রতিপক্ষ মজিদ খান ও তার ভাইদের চারটি ঘরে আগুন দিয়ে পুড়িয়ে দেয়। পরে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

রাজৈর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কুতুবউদ্দিন জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • গ্রাম্য সহিংসতা
  • জমি বিরোধ
  • মাদারীপুর খবর
  • রাজৈর হত্যা
  • সালিশ সংঘর্ষ