রমজানে সংক্ষিপ্ত আয়োজনে কুষ্টিয়ার ছেঁউড়িয়া আখড়াবাড়িতে শুরু হয়েছে মরমি সাধক কবি লালন শাহের বার্ষিক দোল পূর্ণিমা উৎসব। গতকাল (২ মার্চ) আনুষ্ঠানিকভাবে এ উৎসবের কার্যক্রম শুরু হয়।
প্রতিবছর তিন দিনব্যাপী এই উৎসবে বাউল সংগীতানুষ্ঠান ও গ্রামীণ মেলা অনুষ্ঠিত হলেও রমজান মাসের কারণে এবার কর্মসূচি দুই দিনে সীমিত রাখা হয়েছে। সাংস্কৃতিক পরিবেশনা ও মেলা স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
তাদের ভাষ্য, এবারের আয়োজনের মূল গুরুত্ব থাকবে আধ্যাত্মিক আলোচনা ও ধর্মীয় আচার-অনুষ্ঠানে। আজ (৩ মার্চ) দুপুরে উৎসবের আনুষ্ঠানিক সমাপ্তি হবে।
উৎসব উপলক্ষে কয়েক দিন আগেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাউল শিল্পী ও ভক্তরা আখড়া প্রাঙ্গণে সমবেত হন। লালনের গান পরিবেশন করে তারা পুরো এলাকা মুখর করে তোলেন।
আচার-অনুষ্ঠানের মধ্যে রয়েছে গুরুকার্য, রাখিয়াল সেবা, মধ্যরাতের অধিবাস, ভোরের বাল্যসেবা এবং পূর্ণসেবা।
নিরাপত্তা নিশ্চিত করতে আখড়া প্রাঙ্গণে সিসিটিভি নজরদারি বসানো হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন।