বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ minute ago

আগামী ১১ জুন থেকে শুরু হতে যাওয়া ফুটবল বিশ্বকাপের ম্যাচগুলো ব্রাজিলের দর্শকরা ইউটিউবেই বিনামূল্যে উপভোগ করতে পারবেন। জানা গেছে, ব্রাজিলভিত্তিক দর্শকদের জন্য ম্যাচগুলো 4K রেজোলিউশনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনা করা হয়েছে।

তবে বাংলাদেশ ও ভারতের ফুটবলপ্রেমীরা একই সুবিধা পাবেন না। ইউটিউব বা টুইচে সংশ্লিষ্ট চ্যানেল খুঁজে পেলেও তারা সরাসরি সম্প্রচার দেখতে পারবেন না, কারণ ব্রাজিলের বাইরে অন্যান্য অঞ্চলের জন্য সম্প্রচারটি জিও-লক করা থাকবে।

ব্রাজিলের স্পোর্টস মিডিয়া প্রতিষ্ঠান লাইভমোড ডিজিটাল সম্প্রচার স্বত্ব কেবল ব্রাজিলিয়ান অঞ্চলের জন্য কিনেছে। তাদের অংশীদার প্রতিষ্ঠান কেজটিভি ইউটিউব প্ল্যাটফর্মে ম্যাচগুলো বিনামূল্যে সম্প্রচার করবে।

এদিকে, আনুষ্ঠানিক ঘোষণা না এলেও ভারতের বাজারে বিশ্বকাপ সম্প্রচারের দৌড়ে এগিয়ে রয়েছে জি গ্রুপ। ধারণা করা হচ্ছে, তাদের স্পোর্টস চ্যানেল ও জিফাইভ অ্যাপের মাধ্যমে ভারতীয় দর্শকদের জন্য ম্যাচগুলো সম্প্রচার করা হবে।

বিশেষভাবে আলোচনায় এসেছে পর্তুগিজ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদোর নাম। সৌদি প্রো লিগের ক্লাব আল নাসরের এই ফরোয়ার্ড সম্প্রতি ব্রাজিলিয়ান স্পোর্টস মিডিয়া কোম্পানি লাইভমোডে বিনিয়োগ করেছেন। সেই অংশীদারত্বের ধারাবাহিকতায় কেজটিভির ইউটিউব প্ল্যাটফর্মে বিশ্বকাপের ১০৪টি ম্যাচ বিনামূল্যে সম্প্রচারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তবে এই ফ্রি স্ট্রিমিং সুবিধা শুধুমাত্র ব্রাজিলের দর্শকদের জন্য প্রযোজ্য হবে। ফলে বাংলাদেশ, ভারতসহ অন্যান্য দেশের দর্শকদের নিজ নিজ অঞ্চলের অফিসিয়াল সম্প্রচার মাধ্যমের ওপর নির্ভর করতে হবে।

  • ইউটিউব লাইভ
  • কেজটিভি
  • ক্রিশ্চিয়ানো রোনালদো
  • জিফাইভ
  • ফুটবল
  • বিশ্বকাপ ২০২৬
  • ব্রাজিল
  • লাইভমোড
  • স্পোর্টস নিউজ