ঐতিহাসিক ৭ মার্চ আজ: বাঙালির স্বাধীনতার প্রেরণার দিন

লেখক:
প্রকাশ: ১১ ঘন্টা আগে

আজ ঐতিহাসিক ৭ মার্চ। ১৯৭১ সালের এই দিনে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে (তৎকালীন রমনার রেসকোর্স ময়দান) লাখো মানুষের সমাবেশে এক ঐতিহাসিক ভাষণ দেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। সেই ভাষণে তিনি উচ্চারণ করেছিলেন বিখ্যাত আহ্বান—“এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।”

ইতিহাসবিদদের মতে, ওই ভাষণ বাঙালি জাতিকে স্বাধীনতার চূড়ান্ত লড়াইয়ের জন্য মানসিক ও রাজনৈতিকভাবে প্রস্তুত করেছিল। ভাষণে বাঙালির দীর্ঘ আন্দোলন-সংগ্রামের পটভূমি তুলে ধরার পাশাপাশি দেশবাসীর করণীয় সম্পর্কেও স্পষ্ট দিকনির্দেশনা দেওয়া হয়েছিল।

৭ মার্চের ভাষণের পর দেশজুড়ে স্বাধীনতাকামী মানুষ ঘরে-ঘরে চূড়ান্ত সংগ্রামের প্রস্তুতি নিতে শুরু করে। পরবর্তীতে মুক্তিযুদ্ধের সূচনালগ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান স্বাধীনতার আনুষ্ঠানিক ঘোষণা দেন। ১৯৭১ সালের মার্চ মাসজুড়ে ঘটে যাওয়া বিভিন্ন ঘটনাপ্রবাহ বাংলাদেশের স্বাধীনতার ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে আছে।

যদিও ৭ মার্চের ভাষণ দীর্ঘদিন ধরেই বাঙালির স্বাধীনতার প্রেরণার প্রতীক হিসেবে বিবেচিত হয়ে আসছিল, তবুও ২০২০ সালের আগে দিনটি আনুষ্ঠানিকভাবে কোনো জাতীয় দিবস হিসেবে স্বীকৃতি পায়নি। আওয়ামী লীগ সরকারের আমলে ২০২০ সালের ফেব্রুয়ারিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ৭ মার্চকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের নির্দেশ দেয়।

এর আগে ২০১৭ সালে ইউনেসকো ৭ মার্চের ঐতিহাসিক ভাষণকে ‘ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ’ হিসেবে স্বীকৃতি দেয়। পরে ২০২০ সালের অক্টোবরে মন্ত্রিপরিষদ বিভাগ দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা করে এবং জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন সংক্রান্ত তালিকায় ‘ক’ শ্রেণিভুক্ত দিবস হিসেবে অন্তর্ভুক্ত করে।

২০২১ সাল থেকে সরকারিভাবে ব্যাপক আয়োজনে দিবসটি পালন শুরু হয়। তবে সাম্প্রতিক রাজনৈতিক প্রেক্ষাপটে দিবসটি নতুনভাবে আলোচনায় এসেছে। ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন ঘটে। দলটির সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশত্যাগ করে ভারতে অবস্থান করছেন বলে জানা যায়।

চব্বিশের গণ-অভ্যুত্থানের পর একই বছরের ১৭ অক্টোবর অন্তর্বর্তী সরকার ৭ মার্চসহ আটটি জাতীয় দিবস উদযাপন বা পালন না করার সিদ্ধান্ত নেয়। ফলে ঐতিহাসিক এই দিনটি এবার ভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপটে স্মরণ করা হচ্ছে।

  • ৭ মার্চ
  • ৭ মার্চের ভাষণ
  • ইউনেসকো স্বীকৃতি
  • বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান
  • বাংলাদেশের স্বাধীনতা
  • মুক্তিযুদ্ধ ১৯৭১