ঝালকাঠির সদর উপজেলায় ১৩ মাস বয়সী কন্যা সন্তানের লাশ কোলে নিয়ে মানববন্ধনে দাঁড়িয়ে হত্যার বিচার দাবি করেছেন এক মা। সোমবার (২৩ মার্চ) দুপুরে পোনাবালিয়া ইউনিয়নের পূর্ব ভাওতিতা সড়কে আয়োজিত মানববন্ধনে শোকাহত মা লিয়া মনি আক্তার তার মৃত শিশু জেসমিনকে কোলে নিয়ে অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান।
মানববন্ধনে লিয়া মনি অভিযোগ করেন, তার প্রেমিক হৃদয় বেপারীর কারণেই তার সন্তানের মৃত্যু হয়েছে। তিনি দাবি করেন, পরিকল্পিতভাবে তার নবজাতক শিশুকে ছিনিয়ে নিয়ে ফেলে রাখা হয়েছিল, যার ফলেই তার সন্তানের করুণ পরিণতি হয়েছে। এ ঘটনায় তিনি প্রধান অভিযুক্তের ফাঁসি দাবি করেন।
স্থানীয়রা জানান, ২০২১ সালে একই এলাকার হৃদয় বেপারীর সঙ্গে লিয়া মনির প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। ওই সম্পর্কের জেরে তিনি গর্ভবতী হন। পরে ২০২৫ সালের ১৬ ফেব্রুয়ারি বরিশালের শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে সিজারিয়ান অপারেশনের মাধ্যমে কন্যা সন্তানের জন্ম দেন। এ সময় হৃদয় বেপারী তার স্বজনদের নিয়ে হাসপাতালে উপস্থিত হয়ে শিশুটিকে স্বীকৃতি দিয়ে বিয়ের প্রতিশ্রুতি দেন।
অভিযোগ রয়েছে, ১৯ ফেব্রুয়ারি হাসপাতাল থেকে বাড়ি ফেরার পথে হৃদয় বেপারী ও তার স্বজনরা কৌশলে নবজাতক শিশুটিকে নিয়ে পালিয়ে যান এবং পরে তাকে রাস্তার পাশে ফেলে রেখে চলে যান। সেখান থেকে এক ভিক্ষুক শিশুটিকে উদ্ধার করে একটি চাইল্ড হোমে পাঠান, যেখানে এতদিন শিশুটি লালিত-পালিত হচ্ছিল।
ঘটনার প্রায় তিন মাস পর বিষয়টি জানতে পেরে লিয়া মনির পরিবার শিশুটিকে ফিরে পাওয়ার উদ্যোগ নেয়। ডিএনএ পরীক্ষা ও আইনি প্রক্রিয়া শেষে চলতি বছরের ৯ মার্চ অসুস্থ অবস্থায় শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়। পরে তাকে শেরে-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তার মৃত্যু হয়।
মানববন্ধনে লিয়া মনির বাবা মো. ফারুক হোসেন মাঝি, মা পলি বেগম, চাচা বেল্লাল মাঝি, ফুপু জোসনা বেগমসহ স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
এ ঘটনায় ধর্ষণের অভিযোগ এনে লিয়া মনি বাদী হয়ে গত ৯ মার্চ ঝালকাঠি সদর থানায় হৃদয় বেপারীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন।
লিয়া মনি বলেন, “আমার সন্তানকে আমার কাছ থেকে কেড়ে নেওয়া হয়েছিল। তিন মাস ধরে জানতাম না সে কোথায় ছিল। পরে অসুস্থ অবস্থায় তাকে ফিরে পাই, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। আমি আমার সন্তানের হত্যার বিচার চাই।”
এদিকে প্রধান আসামি হৃদয় বেপারী পলাতক রয়েছেন। তবে তার বাবা আবুল বেপারী অভিযোগ অস্বীকার করেছেন।
ঝালকাঠি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমতিয়াজ আহম্মেদ জানান, ধর্ষণের অভিযোগে একটি মামলা দায়ের হয়েছে এবং আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।