ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: ফরিদপুরের নগরকান্দায় চলতি পাট ও ইরি ধান মৌসুমে কৃষকদের জমিতে সেচের জন্য ডিজেল সংগ্রহ সহজ করতে এলাকাভিত্তিক চারটি ফিলিং স্টেশন নির্ধারণ করে দিয়েছে উপজেলা প্রশাসন।
রোববার (৫ এপ্রিল) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন নগরকান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ সাইফুল ইসলাম।
প্রশাসনের সিদ্ধান্ত অনুযায়ী, নির্ধারিত ফিলিং স্টেশন থেকে সুশৃঙ্খলভাবে নগরকান্দা পৌরসভা ও উপজেলার ৯টি ইউনিয়নের প্রতিটি গ্রামের সেচ পাম্প ও পাওয়ার টিলার মালিক এবং কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করতে পারবেন। এতে কৃষকদের ভোগান্তি অনেকটাই কমবে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।
নির্ধারিত চারটি ফিলিং স্টেশন হলো— উপজেলার জয়বাংলা মোড়ে মেসার্স মুন্সি ফিলিং স্টেশন, উপজেলা সদরে মেসার্স শফিউদ্দিন ফিলিং স্টেশন, তালমা মোড়ে মেসার্স মজিদ ফিলিং স্টেশন এবং মহিলা রোডে মেসার্স তোফাজ্জউদ্দ্দীন ফিলিং স্টেশন।
ইউএনও জানান, জয়বাংলা মোড়ের মুন্সি ফিলিং স্টেশন থেকে চরযশোরদী, পুরাপাড়া ও কাইচাইল ইউনিয়নের কৃষকরা জ্বালানি তেল সংগ্রহ করবেন। উপজেলা সদরের শফিউদ্দিন ফিলিং স্টেশন থেকে নগরকান্দা পৌরসভা, কোদালিয়া শহীদনগর ও ফুলসুতি ইউনিয়নের কৃষকরা তেল পাবেন।
এছাড়া তালমা মোড়ের মজিদ ফিলিং স্টেশন থেকে লস্করদিয়া ও তালমা ইউনিয়নের কৃষকরা এবং মহিলা রোডের তোফাজ্জউদ্দ্দীন ফিলিং স্টেশন থেকে রামনগর ও ডাঙ্গী ইউনিয়নের কৃষকরা তেল সংগ্রহ করবেন।
এসব ফিলিং স্টেশন ঢাকা-খুলনা, ঢাকা-বরিশাল মহাসড়ক এবং ফরিদপুর-জয়বাংলা আঞ্চলিক সড়কের পাশে অবস্থিত হওয়ায় কৃষকদের জন্য তেল সংগ্রহ ও জমিতে পৌঁছানো সহজ হবে।
ইউএনও আরও জানান, প্রতিটি ফিলিং স্টেশনে তালিকা দৃশ্যমান স্থানে ব্যানার আকারে টানানো হবে। পাশাপাশি ভিড় এড়াতে ও শৃঙ্খলা বজায় রাখতে বাঁশের লাইন করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রতিটি ফিলিং স্টেশনের জন্য দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। তারা তেলের মজুত ও কৃষকদের চাহিদা নিয়মিত পর্যবেক্ষণ করবেন।