নড়াইলে আধিপত্যের সংঘর্ষে বাবা-ছেলেসহ নিহত ৪

লেখক: নড়াইল প্রতিনিধি
প্রকাশ: ৫ ঘন্টা আগে

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে নড়াইলে দুই পক্ষের সংঘর্ষে বাবা-ছেলেসহ চারজন নিহত হয়েছেন। সদর উপজেলার সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের গ্রুপ ও খলিল শেখ গ্রুপের মধ্যে এ রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে।

নিহতরা হলেন—খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ, একই গ্রুপের ফেরদৌস শেখ এবং প্রতিপক্ষ খয়ের মোল্যা গ্রুপের ওসিবুর ফকির।

সোমবার (২৩ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে সিংগোশোলপুর ইউনিয়নের বড়কুলা গ্রামে এ সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নড়াইল সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওলি মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সিংগোশোলপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান খয়ের ও খলিল শেখের সমর্থকদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। এর জেরে ভোরে বড়কুলা এলাকায় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। একপর্যায়ে তা রক্তক্ষয়ী রূপ নেয়।

সংঘর্ষে দেশীয় অস্ত্রের আঘাতে ঘটনাস্থলেই খলিল গ্রুপের খলিল শেখ, তার ছেলে তাহাজ্জুদ শেখ ও ফেরদৌস শেখ নিহত হন। অপরদিকে গুরুতর আহত অবস্থায় খয়ের গ্রুপের ওসিবুর ফকিরকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

নড়াইল সদর থানার ওসি মো. ওলি মিয়া জানান, পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে এবং এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ আল মামুন শিকদার বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান চলছে।

  • আইনশৃঙ্খলা পরিস্থিতি
  • আধিপত্য বিরোধ
  • গ্রাম্য সংঘর্ষ
  • নড়াইল সংঘর্ষ
  • হত্যা