ছবি: সংগৃহীত
শরীয়তপুরের নড়িয়া উপজেলার বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল আমীন রতনের ওপর হামলার অভিযোগ উঠেছে। হামলায় তার ডান হাত ভেঙে গেছে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এ ঘটনায় ভোজেশ্বর ইউনিয়ন যুবদলের সভাপতি মিজান শিকদার ও তার সহযোগীদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় এ ঘটনা ঘটে।
ভুক্তভোগী, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, নুরুল আমীন রতন দীর্ঘদিন ধরে শতবর্ষী বিঝারী উপসী তারা প্রসন্ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। মঙ্গলবার দুপুরে বিদ্যালয় থেকে অটোরিকশায় বাড়ি ফিরছিলেন তিনি। এ সময় ভোজেশ্বর বাজারের তিন দোকান এলাকায় পৌঁছালে মিজান শিকদারসহ অন্তত ১০ জন তার পথরোধ করে বলে অভিযোগ। পরে তার হাত ও পায়ে উপর্যুপরি আঘাত করা হয়।
স্থানীয়রা তার চিৎকার শুনে এগিয়ে এসে উদ্ধার করে শরীয়তপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন।
প্রধান শিক্ষক নুরুল আমীন রতন বলেন, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি সংক্রান্ত বিরোধের জেরে বাড়ি ফেরার পথে তার ওপর হামলা চালানো হয়।
অভিযুক্ত মিজান শিকদার অভিযোগ অস্বীকার করে বলেন, এ বিষয়ে তিনি কিছু জানেন না এবং তার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে। তিনি মানহানির মামলা করবেন বলেও জানান।
শরীয়তপুর সদর হাসপাতালের অর্থোপেডিক্স বিভাগের চিকিৎসক ডা. মফিজুর রহমান স্বপন বলেন, আহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে এবং তার ডান হাত ভেঙে গেছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে ভর্তি থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
এ বিষয়ে নড়িয়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুকান্ত দত্ত বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এখনো পর্যন্ত লিখিত অভিযোগ পাওয়া যায়নি; অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল কাইয়ুম খান বলেন, ঘটনাটি দুঃখজনক। কারা হামলা চালিয়েছে তা জানার চেষ্টা চলছে এবং দোষীদের আইনের আওতায় আনার উদ্যোগ নেওয়া হবে।