পাকিস্তানে রাজধানীতে এক মাস ফ্রি গণপরিবহন দিবে সরকার

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫৩ minutes ago
ছবি: সংগৃহীত

জ্বালানির দামে বড় ধরনের বৃদ্ধির পর সাধারণ মানুষের চাপ কমাতে পাকিস্তানে এক মাসের জন্য ফ্রি গণপরিবহন চালুর ঘোষণা দিয়েছে সরকার। রাজধানী ইসলামাবাদসহ দেশটির সবচেয়ে জনবহুল প্রদেশ পাঞ্জাবে এই সুবিধা কার্যকর করা হবে।

শুক্রবার (৩ এপ্রিল) পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি জানান, শনিবার থেকে পরবর্তী ৩০ দিন ইসলামাবাদের সব সরকারি গণপরিবহন বিনামূল্যে চলবে। এতে সরকারের প্রায় ১২ লাখ ৫০ হাজার ডলার ব্যয় হবে।

এর আগে হঠাৎ করেই সরকার পেট্রোলের দাম ৪২.৭ শতাংশ এবং ডিজেলের দাম ৫৪.৯ শতাংশ বাড়ানোর ঘোষণা দেয়। বৈশ্বিক জ্বালানি সংকট, বিশেষ করে ইরানকে ঘিরে সংঘাতের কারণে এই মূল্যবৃদ্ধি হয়েছে বলে জানানো হয়।

এই সিদ্ধান্তের পরপরই দেশজুড়ে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বিভিন্ন স্থানে বিক্ষোভ হয় এবং পেট্রোল পাম্পে মোটরসাইকেলের দীর্ঘ লাইন দেখা যায়।

পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী মরিয়ম নওয়াজ শরিফও রাষ্ট্রীয় পরিবহনে ভাড়া মওকুফের পাশাপাশি ট্রাক ও বাসের জন্য ‘টার্গেটেড ভর্তুকি’ ঘোষণা করেছেন। তিনি পরিবহন মালিকদের যাত্রীদের ওপর বাড়তি চাপ না দেওয়ার আহ্বান জানান।

অন্যদিকে সিন্ধু প্রদেশ, বিশেষ করে করাচিতে মোটরসাইকেল চালক ও ক্ষুদ্র কৃষকদের জন্য ভর্তুকি ঘোষণা করা হয়েছে।

এদিকে ইরানকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র-ইসরায়েলের সংঘাত মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে, যার প্রভাব পড়েছে বৈশ্বিক জ্বালানি বাজারে। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের প্রায় এক-পঞ্চমাংশ জ্বালানি সরবরাহ হয়, যা বর্তমানে কার্যত স্থবির হয়ে পড়েছে।

পরিস্থিতি সামাল দিতে পাকিস্তান সরকার আরও কিছু কৃচ্ছ্রসাধনমূলক পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে—সরকারি অফিসে চার দিনের কর্মসপ্তাহ চালু, স্কুল ছুটি বাড়ানো এবং কিছু ক্লাস অনলাইনে নেওয়া।

বিশ্বব্যাংকের তথ্য অনুযায়ী, পাকিস্তানের প্রায় ২৫ শতাংশ মানুষ দারিদ্র্যসীমার নিচে বাস করে। এমন পরিস্থিতিতে জ্বালানির দাম বৃদ্ধি সাধারণ মানুষের ওপর বড় চাপ সৃষ্টি করেছে।

শুক্রবার লাহোরে বিক্ষোভে অংশ নেওয়া একাধিক ব্যক্তি সরকারের এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেন। এক বিক্ষোভকারী বলেন, ‘সরকার রাতারাতি জনগণের ওপর পেট্রোল বোমা ফেলেছে।’

আরেকজন বলেন, ‘এই পরিস্থিতি আমাদের দেশের মানুষ এখন আর সহ্য করতে পারছে না। দ্রব্যমূল্যের এই ঝড় থামাতে হবে।’

এদিকে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) আগেই সতর্ক করে বলেছিল, জ্বালানির দাম বৃদ্ধির পাশাপাশি সরবরাহ শৃঙ্খলের সংকটেও চাপের মুখে পড়তে পারে পাকিস্তানের মতো অর্থনীতি। সম্প্রতি দেশটির জন্য ১.২ বিলিয়ন ডলারের একটি সহায়তা প্যাকেজে প্রাথমিক সমঝোতায় পৌঁছানোর কথাও জানিয়েছে সংস্থাটি।

সুত্রঃ ডেইলি সাবাহ পাকিস্থান

  • ইসলামাবাদ খবর
  • তেলের দাম বৃদ্ধি
  • পাকিস্তান জ্বালানি সংকট
  • পাঞ্জাব পাকিস্তান
  • ফ্রি গণপরিবহন
  • বৈশ্বিক জ্বালানি সংকট