পবিত্র রমজান মাসে অফিস-আদালতের সময়সূচির সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোরেলের বিশেষ সময়সূচি নির্ধারণ করেছে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)। পয়লা রমজান থেকে ঈদুল ফিতরের আগের দিন পর্যন্ত সাপ্তাহিক কর্মদিবসে এই নতুন সময়সূচি কার্যকর থাকবে।
ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তি অনুযায়ী, রমজান মাসে উত্তরা উত্তর স্টেশন থেকে দিনের প্রথম মেট্রোরেল ছাড়বে সকাল ৬টা ৩০ মিনিটে এবং শেষ ট্রেন ছাড়বে রাত ৯টা ৩০ মিনিটে।
অন্যদিকে মতিঝিল স্টেশন থেকে সকালের প্রথম ট্রেন ছাড়বে ৭টা ১৫ মিনিটে এবং রাতের শেষ ট্রেনটি ছাড়বে ১০টা ১০ মিনিটে।
শনিবার, শুক্রবার এবং অন্যান্য সরকারি ছুটির দিনের মেট্রোরেল চলাচলের সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
রমজান উপলক্ষে ইফতারের সময় যাত্রীদের সুবিধার্থে মেট্রোরেলে ২৫০ মিলিলিটার পানির বোতল বহনের অনুমতি দেওয়া হয়েছে। তবে প্ল্যাটফর্ম, কনকোর্স বা ট্রেনের ভেতরে অন্য কোনো খাবার গ্রহণ সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
ব্যবহৃত পানির বোতল নির্ধারিত ডাস্টবিনে ফেলতে যাত্রীদের অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।