তিন বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট উৎক্ষেপণ করবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

লেখক: Biplob Khan
প্রকাশ: ১০ ঘন্টা আগে


আগামী তিন বছরের মধ্যে বাংলাদেশের দেশীয় তৈরি স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, বিদেশি প্রযুক্তির ওপর নির্ভর না করে দেশের তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগিয়ে বাংলাদেশ এগিয়ে যাবে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) লালমনিরহাটে এভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস ইউনিভার্সিটি বাংলাদেশ আয়োজিত প্রথম জাতীয় অ্যারো-জিনিয়াস প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রধানমন্ত্রী বলেন, দেশ ও তরুণরা বিজ্ঞানে পিছিয়ে থাকলে সার্বিকভাবে পিছিয়ে পড়বে। প্রযুক্তির এই যুগে তরুণদের আধুনিক সুযোগ-সুবিধা ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হলে তারা বৈশ্বিক উদ্ভাবনে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। পর্যাপ্ত সহযোগিতায় তরুণরা আকাশ জয় করতে সক্ষম।

তিনি আরও বলেন, সরকার ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার একটি এভিয়েশন হাব হিসেবে রূপান্তর করার লক্ষ্য নির্ধারণ করেছে। এই লক্ষ্য অর্জনের জন্য তরুণদের মেধা ও উদ্ভাবনী শক্তিকে কাজে লাগাতে হবে।

শিক্ষার্থীদের গতানুগতিক চিন্তাধারার বাইরে উদ্ভাবনের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সহায়তার অভাবে তরুণদের উদ্ভাবনী প্রতিভা যাতে হারিয়ে না যায় সে জন্য সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে।

তিনি দেশীয় প্রযুক্তি ও গবেষণা সক্ষমতা বৃদ্ধি করে মহাকাশ বিজ্ঞানে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।



Source link