স্পিকার: ‘আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই’

লেখক: Biplob Khan
প্রকাশ: ১২ ঘন্টা আগে


আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকালে ভোলা সার্কিট হাউসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্পিকার বলেন, ‘আমার রাজনৈতিক অভিজ্ঞতা থেকে মনে হচ্ছে আগামী ১০ বছরেও শেখ হাসিনার ফেরার কোনো সম্ভাবনা নেই।’

স্পিকার আরও বলেন, ‘আওয়ামী লীগ ক্ষমতায় থাকাকালে এমন পরিবেশ তৈরি করেছিল যেখানে সমাজে সৎ, ভালো ও নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচনে অংশগ্রহণ করা অসম্ভব বলে মনে হয়। নির্বাচনী ব্যবস্থায় আমূল সংস্কার জরুরি। যারা ধনী বা বিত্তশালী নাও হতে পারে কিন্তু জনপ্রিয়তা এবং সামাজিক গ্রহণযোগ্যতা রয়েছে তাদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার সুযোগ দেওয়া উচিত। এটি অর্জনের জন্য নির্বাচন কমিশনকে এমন একটি পদ্ধতি প্রণয়ন করতে হবে যাতে সাধারণ মানুষ নির্বাচনে অংশগ্রহণ করতে পারে।’

হাফিজ উদ্দিন আহমেদ বলেন, আসন্ন স্থানীয় সরকার নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হওয়া উচিত। গত ১৭ বছর ধরে নির্বাচন সুষ্ঠু হয়নি। তাই আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠিত হবে।’

তিনি আরও বলেন, ‘ভোলায় পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক গ্যাস রয়েছে। এটি বর্তমান জাতীয় রিজার্ভের সমতুল্য বলে মনে হচ্ছে। এখানে অতিরিক্ত গ্যাসের মজুদ রয়েছে বলে আশা করা যায়। ভোলার সাধারণ মানুষেরও গ্যাস লাগে। দীর্ঘদিন ধরে দুর্ভোগ পোহাচ্ছে ভোলার বাসিন্দারা। গ্যাস ভোলাবাসীর ন্যায্য অধিকার এবং দীর্ঘদিনের দাবি। এ বিষয়ে জ্বালানিমন্ত্রীর সঙ্গে আলোচনা করব।’

এ সময় উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান, পুলিশ সুপার শহিদুল্লাহ কাওছার, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির আহবায়ক গোলাম নবী আলমগীর, সদস্য সচিব রাইসুল আলম প্রমুখ।



Source link