কুয়াকাটা সৈকতে পর্যটকের ঢল, হোটেল বুকিং শতভাগ

লেখক: কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
প্রকাশ: ৩ ঘন্টা আগে

সাগরকন্যা কুয়াকাটা সমুদ্র সৈকতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। ছুটির আমেজ ও অনুকূল আবহাওয়াকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা হাজারো পর্যটক সমুদ্রসৈকতে নেমে গোসল, খেলাধুলা ও উল্লাসে মেতে উঠেছেন। তিন নদীর মোহনা, লেম্বুর বন, শুটকি পল্লী, ঝাউ বাগান ও গঙ্গামতিসহ দর্শনীয় স্থানগুলোতেও বেড়েছে পর্যটকদের উপস্থিতি। পর্যটকের চাপ বাড়ায় ব্যবসাপ্রতিষ্ঠানগুলোতেও দেখা দিয়েছে কর্মচাঞ্চল্য, হোটেল-মোটেলের বুকিং প্রায় শতভাগ।

মঙ্গলবার (২৪ মার্চ) সূর্যোদয় দেখতে ভোর থেকেই সৈকতে জড়ো হন পর্যটকরা। সূর্যের আলো বাড়ার সঙ্গে সঙ্গে নীল সমুদ্রজলে নেমে পড়েন নানা বয়সী দর্শনার্থীরা। কেউ ঢেউয়ের সঙ্গে খেলছেন, কেউ ছবি তুলছেন, আবার কেউ বালুচরে বসে উপভোগ করছেন প্রকৃতির সৌন্দর্য।

পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে ট্যুরিস্ট পুলিশ, স্থানীয় প্রশাসন ও লাইফগার্ড কর্মীরা সতর্ক অবস্থানে রয়েছেন। ঝুঁকিপূর্ণ এলাকায় লাল পতাকা টানানো হয়েছে এবং মাইকিংয়ের মাধ্যমে পর্যটকদের সচেতন করা হচ্ছে। পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনও নিরাপত্তা কার্যক্রমে সহযোগিতা করছে।

ঢাকা থেকে আসা পর্যটক রাশেদ মাহমুদ বলেন, কুয়াকাটার মতো জায়গা খুব কমই আছে যেখানে একইসঙ্গে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখা যায়। সমুদ্রে গোসলের অভিজ্ঞতাও দারুণ এবং পরিবারের সঙ্গে সময় কাটানো বেশ উপভোগ্য।

পর্যটকদের আগমনে খুশি স্থানীয় ব্যবসায়ীরা। হোটেল, রেস্তোরাঁ ও দোকানপাটে বেড়েছে বেচাকেনা। এক হোটেল ব্যবসায়ী মো. জাহাঙ্গীর আলম জানান, বর্তমানে প্রায় সব রুম বুকড, ফলে ব্যবসা ভালো হচ্ছে।

স্থানীয় রেস্তোরাঁ ব্যবসায়ী রাকিবুল ইসলাম বলেন, সামুদ্রিক মাছ ও স্থানীয় খাবারের চাহিদা বেড়েছে। পর্যটকদের ভিড়ে কর্মব্যস্ততা কয়েকগুণ বেড়েছে।

হোটেল ডিমোরর ব্যবস্থাপক জয়নুল আবেদীন জুয়েল বলেন, ঈদ উপলক্ষে আগাম বুকিং ভালো রয়েছে এবং সামনের দিনগুলোতে আরও পর্যটক আসার আশা করা হচ্ছে।

ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব কুয়াকাটা (টোয়াক) সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, দীর্ঘদিন পর এমন পর্যটকের ভিড় দেখা যাচ্ছে। এতে পর্যটননির্ভর প্রায় ১৬টি পেশার মানুষের আয়-রোজগার বেড়েছে।

ট্যুরিস্ট পুলিশ কুয়াকাটা রিজিয়নের সহকারী পুলিশ সুপার হাবিবুর রহমান জানান, ঈদকে সামনে রেখে সৈকতের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে একাধিক টিম মোতায়েন রয়েছে, যাতে পর্যটকরা নিরাপদে ভ্রমণ উপভোগ করতে পারেন।

  • কুয়াকাটা পর্যটন
  • পর্যটকের ভিড়
  • ভ্রমণ বাংলাদেশ
  • সমুদ্র সৈকত
  • হোটেল বুকিং