ভারতে ভ্রমণকারী সকল আন্তর্জাতিক যাত্রীর জন্য নতুন নির্দেশনা জারি করেছে দেশটির ডিরেক্টরেট জেনারেল অফ সিভিল এভিয়েশন (DGCA)। নতুন নিয়ম অনুযায়ী, ভারতে যাত্রার অন্তত ২৪ ঘণ্টা আগে ‘এয়ার সুবিধা ২.০’ (Air Suvidha 2.0) পোর্টালে ‘এয়ার সুবিধা সেলফ-ডিক্লারেশন ফর্ম’ (Air Suvidha Self Declaration Form) পূরণ করে জমা দেওয়া বাধ্যতামূলক করা হয়েছে।
সম্প্রতি বিভিন্ন এয়ারলাইন্স ও ট্রাভেল সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে পাঠানো এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। ইবোলা/বুন্দিবুগিও (Ebola/Bundibugyo) ভাইরাসজনিত রোগের প্রাদুর্ভাবের প্রেক্ষাপটে জনস্বাস্থ্য সুরক্ষার অংশ হিসেবে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

নির্দেশনা অনুযায়ী, ফর্মে যাত্রীদের গত ২১ দিনের ভ্রমণ-ইতিহাস, সংক্রমিত ব্যক্তির সংস্পর্শে আসার তথ্য এবং সংশ্লিষ্ট স্বাস্থ্যগত উপসর্গের বিস্তারিত উল্লেখ করতে হবে। ভ্রমণের কমপক্ষে ২৪ ঘণ্টা আগে সঠিক তথ্য দিয়ে ফর্মটি অনলাইনে জমা দিতে হবে।
ফর্ম জমা দেওয়ার পর এর একটি প্রিন্ট কপি অথবা মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইসে সংরক্ষিত ডিজিটাল কপি সঙ্গে রাখতে হবে। ভারতে পৌঁছানোর পর প্রয়োজন হলে ইমিগ্রেশন কাউন্টার কিংবা ইন্টারন্যাশনাল ট্রাভেল হেলথ ডেস্কে এটি প্রদর্শন করতে হবে।
ভারতীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই নির্দেশনা অবিলম্বে কার্যকর হয়েছে। ফলে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে ভারতে যাওয়া সব আন্তর্জাতিক যাত্রীকে নতুন এই নিয়ম মেনে ভ্রমণ করতে হবে। যাত্রীদের দ্রুত ইমিগ্রেশন ক্লিয়ারেন্স নিশ্চিত করতে যাত্রার আগে প্রয়োজনীয় ফর্ম পূরণ ও সংরক্ষণ করার পরামর্শ দেওয়া হয়েছে।