নড়িয়ায় বিএনপি-জামায়াত সংঘর্ষে আহত ২০, ১০ আটক

লেখক: জেলা প্রতিনিধি শরীয়তপুর
প্রকাশ: ৩ ঘন্টা আগে

শরীয়তপুরের নড়িয়ায় বিএনপি ও জামায়াত সমর্থকদের মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তীব্র সংঘর্ষের ঘটনা ঘটেছে। সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ, বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে। এতে অন্তত ২০ জন আহত হয়েছেন। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং ১০ জনকে আটক করা হয়েছে।

সোমবার (২৩ মার্চ) ভোর ৬টা থেকে সকাল ১১টা পর্যন্ত উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা দরবেশকান্দি গ্রামে থেমে থেমে সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সময় ভোটের স্লিপে নাম ভুল হওয়াকে কেন্দ্র করে প্রথমে বাগবিতণ্ডা হয়। পরে তা হাতাহাতিতে রূপ নেয়। দীর্ঘদিন ধরে এলাকায় উত্তেজনা বিরাজ করছিল, যার ধারাবাহিকতায় সোমবার ভোরে পুনরায় সংঘর্ষ শুরু হয়। উভয়পক্ষ দেশীয় অস্ত্র ও ককটেল ব্যবহার করে। আহতদের মধ্যে চারজনকে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে, বাকি অন্যান্য স্থানে চিকিৎসাধীন।

ঘটনার খবরে গ্রেপ্তার আতঙ্কে অনেক গ্রামবাসী এলাকা ছেড়ে চলে যাওয়ায় গ্রামটি প্রায় পুরুষশূন্য হয়ে পড়ে।

নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বাহার মিয়া জানান, ঘটনাস্থলে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। আটক ১০ জনের বিষয়ে অভিযোগ পেলে তদন্তের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

  • আধিপত্য বিরোধ
  • নড়িয়া সংঘর্ষ
  • বিএনপি জামায়াত
  • রাজনৈতিক সহিংসতা
  • শরীয়তপুর খবর