ছবি: সংগৃহীত
নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের রাজৈরে পূর্ব শত্রুতার জেরে আলোচিত গৃহবধূ ঝুনু আক্তার (৩৯) হত্যার মামলার প্রধান আসামিকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার গভীর রাতে কুষ্টিয়া সদর উপজেলার স্বস্তিপুর ভাদালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
রোববার দুপুরে আদালতের মাধ্যমে আসামিকে জেলহাজতে প্রেরণ করেছে পুলিশ। এর আগে শুক্রবার (৩ এপ্রিল) সকালে রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়নের মরেরকান্দি গ্রামে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।
নিহত ঝুনু আক্তার একই এলাকার ইজিবাইক চালক মিজানুর শেখের (৪৮) স্ত্রী। গ্রেপ্তার হওয়া তরিকুল ইসলাম (২৮) পার্শ্ববর্তী ফরিদপুরের ভাঙ্গা উপজেলার রাজেশ্বরদী গ্রামের সিরাজ হাওলাদারের ছেলে।
মামলা ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, বাড়ির পাশের একটি বন্ধকী জমিতে রসুন তুলতে গেলে তরিকুলসহ কয়েকজনের সঙ্গে ঝুনুর কথা কাটাকাটি হয়। একপর্যায়ে তাকে এলোপাথাড়ি পিটিয়ে হত্যা করা হয়।
হত্যার পর মরদেহ গুম করার উদ্দেশ্যে জমির পাশের একটি পরিত্যক্ত পুকুরপাড়ের ঝোপের মধ্যে লুকিয়ে রেখে পালিয়ে যায় আসামিরা।
পরে পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন। স্থানীয়রা ঝোপের মধ্যে মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দিলে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায়।
এ ঘটনায় নিহতের স্বামী মিজানুর শেখ বাদী হয়ে রাজৈর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পরে মাদারীপুর র্যাব-৮ ও কুষ্টিয়া র্যাব-১২ যৌথ অভিযান চালিয়ে মাত্র ১২ ঘণ্টার মধ্যে প্রধান আসামিকে গ্রেপ্তার করে।
পরবর্তীতে কুষ্টিয়া সদর থানায় হস্তান্তরের পর তাকে রাজৈর থানায় আনা হয় এবং রোববার দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।
রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আমিনুল ইসলাম জানান, মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।