ব্রাজিল হারার শোক সইতে না পেরে গলায় ফাঁস নিলেন সমর্থক

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৩৪ সেকেন্ড আগে

কুষ্টিয়ার কুমারখালী উপজেলায় বিশ্বকাপ ফুটবলে ব্রাজিলের পরাজয়ের পর মানসিকভাবে ভেঙে পড়ে আত্মহত্যা করেছেন রতন আলী (২০) নামে এক যুবক। সোমবার (৬ জুলাই) বেলা ১১টার দিকে উপজেলার কয়া ইউনিয়নের ঘোড়াইঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত রতন আলী একই এলাকার হোসেন আলীর ছেলে এবং পেশায় একজন শ্রমিক ছিলেন। তিনি বিবাহিত এবং তার দুই মাস বয়সী একটি সন্তান রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রোববার রাতে নরওয়ের বিপক্ষে ব্রাজিলের পরাজয়ের পর প্রতিপক্ষ দলের কিছু সমর্থকের কটূক্তি ও ট্রলের শিকার হন রতন। এতে তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। রাতে খাবার না খেয়ে ঘুমিয়ে পড়েন। সোমবার সকালে পাউরুটি খাওয়ার পর আবার নিজের ঘরে গিয়ে দরজা বন্ধ করে দেন। পরে ঘরের আড়ার সঙ্গে রশি পেঁচিয়ে আত্মহত্যা করেন বলে অভিযোগ।

পরিবারের সদস্যরা দীর্ঘ সময় কোনো সাড়া না পেয়ে জানালা দিয়ে উঁকি দিয়ে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে দরজা ভেঙে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রতনের বাবা হোসেন আলী জানান, তার ছেলে অত্যন্ত জেদি স্বভাবের ছিল। সম্প্রতি বাবা হওয়ায় রতনের স্ত্রী সন্তানসহ বাবার বাড়িতে অবস্থান করছিলেন।

  • আত্মহত্যা
  • কুমারখালী
  • কুষ্টিয়া
  • ট্রল
  • নরওয়ে
  • ফুটবল
  • বিশ্বকাপ
  • ব্রাজিল
  • ব্রাজিল সমর্থক
  • রতন আলী