বরিশালে বিচারকের সামনে বিশৃঙ্খলা, আইনজীবী সমিতির সভাপতি কারাগারে

লেখক: নিজস্ব প্রতিবেদক | বরিশাল
প্রকাশ: ১২ ঘন্টা আগে
ছবিঃ সংগৃহীত

বরিশালের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে এজলাস চলাকালে বিচারকের সামনে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে আটক করা হয়েছে।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে বরিশাল আদালত প্রাঙ্গণে তার চেম্বার থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাকে আটক করেন। পরে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতে হাজির করা হলে বিচারক এসএম শরীয়াতুল্লাহ তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

বিষয়টি নিশ্চিত করেছেন কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মানুন উল ইসলাম। তিনি জানান, আদালতের নির্দেশে তাকে কারাগারে পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

আদালত প্রাঙ্গণে বিক্ষোভ, মোতায়েন র‍্যাব -পুলিশ-সেনাবাহিনী

আইনজীবী সমিতির সভাপতিকে আটকের ঘটনায় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ শুরু করেন আইনজীবীরা। যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আদালত চত্বরে বিপুলসংখ্যক র‌্যাব, পুলিশ ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে।

আদালত বর্জনের ঘোষণা

বরিশাল জেলা জজ আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর হাফিজ আহমেদ বাবলু বলেন, বিস্ফোরক মামলায় সাধারণ মানুষকে জেলা জজ আদালত থেকে জামিন নিতে হলেও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের নিম্ন আদালত থেকেই জামিন দেওয়া হচ্ছে—এ অভিযোগ তুলে মঙ্গলবার থেকে আইনজীবীরা আদালত বর্জন করে বিক্ষোভ শুরু করেন।

তিনি অ্যাডভোকেট সাদিকুর রহমান লিংকনকে আটকের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। একই সঙ্গে অতিরিক্ত চিফ মেট্রোপলিটন আদালতের বিচারকের অপসারণের দাবি জানিয়ে বলেন, অপসারণ না হওয়া পর্যন্ত আদালত বর্জন কর্মসূচি চলবে।

  • আইনজীবী সমিতি
  • আদালত বর্জন
  • আদালতে বিশৃঙ্খলা
  • কোতয়ালী মডেল থানা
  • বরিশাল
  • সাদিকুর রহমান লিংকন