ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে বাসচাপায় পথচারী নিহত

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৫৯ minutes ago
ছবি: সংগৃহীত

ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পার হতে গিয়ে দূরপাল্লার একটি বাসের চাকায় পিষ্ট হয়ে মো. খোকন ব্যাপারী (৪৮) নামে এক পথচারীর মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৭টার দিকে ঢাকা-বরিশাল মহাসড়কের ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের চুমুরদী বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত খোকন ব্যাপারী ফরিদপুর সদর উপজেলার বাসিন্দা মো. আব্দুল করিম ব্যাপারীর ছেলে।

ভাঙ্গা হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে চুমুরদী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশ থেকে মহাসড়ক পার হয়ে উত্তর পাশে যাওয়ার চেষ্টা করছিলেন খোকন ব্যাপারী। এ সময় ঢাকা থেকে বরিশালগামী দ্রুতগতির একটি বাস তাকে চাপা দিয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

দুর্ঘটনায় গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে খবর পেয়ে ভাঙ্গা হাইওয়ে থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলালউদ্দিন বলেন, দুর্ঘটনার পর বাসচালক গাড়িটি নিয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি। মহাসড়কের বিভিন্ন স্থানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে বাসটি শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

  • খোকন ব্যাপারী
  • চুমুরদী বাসস্ট্যান্ড
  • ঢাকা-বরিশাল মহাসড়ক
  • দক্ষিণবঙ্গ
  • দুর্ঘটনা সংবাদ
  • ফরিদপুর
  • বাসচাপায় নিহত
  • ভাঙ্গা
  • সড়ক দুর্ঘটনা
  • হাইওয়ে পুলিশ