যশোর-মাগুরা মহাসড়কে দুর্ঘটনা: একই পরিবারের ৩ জন নিহত

লেখক: যশোর প্রতিনিধি
প্রকাশ: ৫ ঘন্টা আগে

যশোর-মাগুরা মহাসড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। সোমবার (২৩ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে মহাসড়কের গাইদঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহতরা হলেন—মজিদ সরদার (৭০), তার ছেলে মাহমুদ হাসান জাকারিয়া জনি (৪৩) এবং জনির চার বছর বয়সী মেয়ে সেহেরিশ।

এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন জাকারিয়ার স্ত্রী, ছেলে ও মা। তাদের উন্নত চিকিৎসার জন্য ঢাকায় রেফার্ড করা হয়েছে। নিহত ও আহতরা সবাই যশোরের মণিরামপুর উপজেলার ফাতেহাবাদ গ্রামের বাসিন্দা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, আত্মীয় বাড়ি থেকে বেড়িয়ে তারা মণিরামপুরে ফিরছিলেন। সোমবার রাতে চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা প্রাইভেটকারটি রাত ৩টার দিকে গাইদঘাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে পৌঁছালে চালক হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। দ্রুতগতির গাড়িটি রাস্তার পাশে একটি বড় বটগাছে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়ির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুজন নিহত হন।

খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে হতাহতদের উদ্ধার করে যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে যান। হাসপাতালে নেওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়।

বারবাজার হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির জানান, গভীর রাতে প্রাইভেটকারের চালক সম্ভবত ঘুমিয়ে পড়েছিলেন। ফলে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খায় এবং এ দুর্ঘটনা ঘটে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় মরদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

  • একই পরিবারের মৃত্যু
  • প্রাইভেটকার দুর্ঘটনা
  • মণিরামপুর খবর
  • মহাসড়ক দুর্ঘটনা
  • যশোর সড়ক দুর্ঘটনা