চার দিনের জাপান সফর শেষে ঢাকায় ফিরেছেন প্রধানমন্ত্রী

লেখক: Biplob Khan
প্রকাশ: ৩ ঘন্টা আগে


চারদিনের জাপান সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীকে বহনকারী বাংলাদেশ বিমানের নিয়মিত ফ্লাইটটি শুক্রবার ভোররাত ২টা ৪৮ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, প্রধানমন্ত্রীকে বহনকারী বিমানটি স্থানীয় সময় রাত ১০টা ৫৫ মিনিটে (বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৫৫ মিনিট) জাপান থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।

এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান গত ২৬ অক্টোবর জাপানে চারদিনের সরকারি সফরে যান। সফরকালে তিনি জাপানের প্রধানমন্ত্রী সানে তাকাইচির সঙ্গে দ্বিপাক্ষিক শীর্ষ বৈঠকে অংশ নেন।

বৈঠকে বাংলাদেশ ও জাপানের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, অর্থনৈতিক সহযোগিতা সম্প্রসারণ, বাণিজ্য সম্পর্ক উন্নয়নসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।

প্রধানমন্ত্রী তার জাপান সফরে দেশের বিভিন্ন বেসরকারি কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান, প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গেও বৈঠক করেন। এসব বৈঠকে বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানো এবং দুই দেশের মধ্যে অর্থনৈতিক ও বাণিজ্যিক সহযোগিতা সম্প্রসারণের সম্ভাবনা অন্বেষণের ওপর আলোকপাত করা হয়।

এছাড়া সফরকালে প্রধানমন্ত্রী তারেক রহমান জাপানে বসবাসরত বাংলাদেশি সম্প্রদায়ের সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন।

চার দিনের এই সফরে দ্বিপাক্ষিক বৈঠক, বিনিয়োগ আলোচনা এবং প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে আলাপ-আলোচনার মাধ্যমে বাংলাদেশ ও জাপানের মধ্যে পারস্পরিক সম্পর্ক আরও জোরদার করার ওপর জোর দেওয়া হয়।



Source link