খুলনায় নিখোঁজের ১২ ঘণ্টা পর সাড়ে ৪ বছরের শিশু জান্নাতুল মাওয়ার মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ মার্চ) রাত ২টার দিকে হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত শিশু মাওয়া নগরীর লবনচরা থানার রায়পাড়া কালভার্ট এলাকার বাসিন্দা শাহাজালালের মেয়ে।
লবনচরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তুহিনুজ্জামান জানান, সোমবার (২৩ মার্চ) দুপুরে বাবা-মায়ের সঙ্গে ছোট মামার বিয়ের দাওয়াতে সাচিবুনিয়া মোহাম্মাদপুর এলাকায় যায় মাওয়া। সেখানে পরিচিত এক ব্যক্তি তাকে আইসক্রিম খাওয়ানোর কথা বলে ডেকে নিয়ে যায়।
পরে মেয়ের ফিরে আসতে দেরি হলে মা ফোন দিলে ওই ব্যক্তি জানান, মাওয়া আইসক্রিম খাচ্ছে এবং আসতে দেরি হবে। এরপর থেকেই তার ফোন বন্ধ পাওয়া যায়।
দুপুরের পর থেকে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও শিশুটির সন্ধান পাননি। পরে বাবা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
রাত ২টার দিকে পুলিশ ও পরিবারের সদস্যরা হরিণটানা গেট সংলগ্ন একটি ফাঁকা স্থান থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। মরদেহের পাশে একটি দড়ি পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, দড়ি দিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।
ওসি আরও জানান, তদন্তের স্বার্থে অভিযুক্ত ব্যক্তির নাম প্রকাশ করা হচ্ছে না। তাকে গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।