সালথায় অবৈধ ডিজেল মজুদে যুবককে জরিমানা, ৩২০ লিটার তেল জব্দ

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ৬ ঘন্টা আগে
ছবি: সংগৃহীত

ফরিদপুরের সালথায় অবৈধভাবে বিপুল পরিমাণ ডিজেল মজুদ করার অভিযোগে মো. মিকাইল হোসেন (২১) নামে এক যুবককে ৩০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে তার কাছ থেকে ৩২০ লিটার ডিজেল জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ১০টার দিকে উপজেলা পরিষদের সামনে অবস্থিত মনোয়ারা ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. দবির উদ্দীন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, মিকাইল হোসেন নামের ওই যুবক মনোয়ারা ফিলিং স্টেশন থেকে ৩২০ লিটার ডিজেল কিনে একটি ট্রলি গাড়িতে করে নিয়ে যাচ্ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালতের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয় এবং অবৈধভাবে বহন করা ডিজেল জব্দ করা হয়।

সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দবির উদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, একটি চক্র জ্বালানি তেলে কৃত্রিম সংকট তৈরি করতে অবৈধভাবে মজুদ করছে। এ ধরনের কার্যক্রম রোধে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সার্বক্ষণিক নজরদারি চালাচ্ছে।

তিনি আরও জানান, এ ঘটনায় একজনকে আটক করে জরিমানা করা হয়েছে এবং জব্দ করা হয়েছে ৩২০ লিটার ডিজেল।

  • জরিমানা
  • জ্বালানি তেল
  • ডিজেল মজুদ
  • ফরিদপুর
  • ভ্রাম্যমাণ আদালত
  • মনোয়ারা ফিলিং স্টেশন
  • সালথা