ফরিদপুরে ধর্ষক-নিপীড়কের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বন্ধুসভার মানববন্ধন

লেখক: নিউজ ডেস্ক
প্রকাশ: ১ minute ago
ছবি: সংগৃহীত

ফরিদপুরে শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছে প্রথম আলো বন্ধুসভা। কর্মসূচিতে অংশ নিয়ে বক্তারা ধর্ষণ ও নারী নির্যাতনের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান।

শুক্রবার (২২ মে) বিকেলে ফরিদপুর প্রেসক্লাবের সামনে মুজিব সড়কে ‘শিশু ও নারীর নিরাপত্তা চাই, ধর্ষক-নিপীড়কের দ্রুত ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই’ স্লোগানে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

ফরিদপুর বন্ধুসভার উপদেষ্টা শিপ্রা গোস্বামীর সঞ্চালনায় মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য দেন ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায়, বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা, প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম, মহিলা পরিষদ ফরিদপুরের সাধারণ সম্পাদক হোসনে আরা খানম, সিপিবির সভাপতিমণ্ডলীর সদস্য রফিকুজ্জামান, বিএফএফের নির্বাহী সম্পাদক আনম ফজলুল হাদী, ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাহবুব পিয়াল, নারীনেত্রী আসমা আক্তার, রুমা সাহা, রুবিয়া মিল্লাত, ফরিদপুর চাঁদের হাটের সভাপতি মাহফুজ খান, নন্দিতা সুরক্ষার নির্বাহী পরিচালক তাহিয়াতুল জান্নাত এবং প্রথম আলো ফরিদপুরের নিজস্ব প্রতিবেদক প্রবীর কান্তি বালা।

বক্তারা বলেন, ধর্ষণ ও নারী নির্যাতনের মতো অপরাধ সমাজ ও রাষ্ট্রের জন্য গভীর উদ্বেগের বিষয়। এসব ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ গ্রহণ জরুরি।

ফরিদপুর সচেতন নাগরিক কমিটির সভাপতি শিপ্রা রায় বলেন, ‘আমাদের সন্তানেরা ঘরে নিরাপদ নয়, পরিবারে নিরাপদ নয়, বাইরে নিরাপদ নয়, অফিসে নিরাপদ নয়, যানবাহনে নিরাপদ নয়, ক্যাম্পাসে নিরাপদ নয়। এ কেমন সমাজ আমরা সৃষ্টি করে চলেছি? এ সমাজকে বড় একটি ধাক্কা দিতে হবে।’

বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব ও গবেষক বিপ্লব বালা বলেন, ‘ধর্ষণের মতো সামাজিক অপরাধ জন্তু-জানোয়ারের সমাজেও প্রচলিত নেই। অথচ আমাদের সভ্য সমাজে এ প্রবণতা বেড়ে চলেছে। এটি সভ্যতার জন্য লজ্জাজনক এবং এর অবসান জরুরি।’

প্রবীণ সাংবাদিক ও গবেষক মফিজ ইমাম বলেন, ‘এ ধরনের ঘটনা জাতির জন্য কলঙ্কজনক। দ্রুত বিচার নিশ্চিত করতে প্রয়োজনে নতুন আইন প্রণয়ন করতে হবে। এ কলঙ্ক দূর করতে সবাইকে সোচ্চার হতে হবে।’

নারীনেত্রী আসমা আক্তার বলেন, ‘যেকোনো সময় এ ধরনের ঘটনা আমাদের নিজের পরিবারেও ঘটতে পারে। তাই সবাইকে সচেতন হওয়ার পাশাপাশি প্রতিরোধ গড়ে তুলতে হবে।’

মানববন্ধনে অংশগ্রহণকারীরা শিশু ও নারীর নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর ভূমিকা এবং ধর্ষক-নিপীড়কদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

  • দক্ষিণবঙ্গ
  • ধর্ষণবিরোধী আন্দোলন
  • নারী নিরাপত্তা
  • প্রথম আলো বন্ধুসভা
  • ফরিদপুর
  • ফরিদপুর প্রেসক্লাব
  • মানববন্ধন
  • শিপ্রা রায়
  • শিশু নিরাপত্তা
  • সচেতন নাগরিক কমিটি