ছবি: সংগৃহীত
ফরিদপুরের আলফাডাঙ্গায় পূর্ব শত্রুতার জেরে সুমন শেখ (২৪) নামে এক কলেজছাত্রকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (২৬ জুন) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার টগরবন্দ ইউনিয়নের বড়ভাগ গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত সুমন শেখ বড়ভাগ গ্রামের আলাউদ্দিন শেখের ছোট ছেলে। তিনি পাশের উপজেলা কাশিয়ানী এম এ খালেক ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বড়ভাগ গ্রামের কুদ্দুস শেখের ছেলে হুসাইন শেখের সঙ্গে সুমন শেখের পরিবারের বিরোধ চলে আসছিল। এর আগেও তাদের মধ্যে একাধিকবার ঝগড়া ও মারামারির ঘটনা ঘটে। শুক্রবার বিকেলে কাশিয়ানী থেকে মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন সুমন। পথে বড়ভাগ গ্রামের পূর্বপাড়া এলাকায় উকিল শেখের বাড়ির সামনে পৌঁছালে হুসাইন শেখের নেতৃত্বে একদল দুর্বৃত্ত তার পথরোধ করে।
এ সময় ধারালো অস্ত্র দিয়ে সুমন শেখকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হামলাকারীরা পালিয়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
অভিযুক্ত হুসাইন শেখ পলাতক থাকায় এবং তার মোবাইল ফোন বন্ধ থাকায় এ বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি।
আলফাডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফকির তাইজুর রহমান জানান, পূর্ব শত্রুতার জের ধরেই এ হামলার ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।